
মানুষটা তাদের দিকে এগিয়ে আসছে, কিছু করার উপায় নেই। তিনজন কিছুই হয়নি সেরকম একটা ভাব করে লোকটাকে পাশ কাটিয়ে হেঁটে যেতে থাকে। মানুষটা সরু চোখে তাদের দেখল, এবং হঠাৎ আগুনালিকে চিনতে পেরে কেমন যেন চমকে উঠল। তাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই তারা তাড়াতাড়ি হেঁটে সরে গেল। মানুষটা হেঁটে যেতে যেতে একটু পরে পরে পিছনে ফিরে তাকাচ্ছিল, মনে হচ্ছিল ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না। আগুনালি মাথা চুলকে বলল, দারোয়ানটা আমাকে চিনে ফেলেছে। ঝামেলা হয়ে গেল। রাজু চিন্তিত মুখে মাথা নাড়ল। সাগর বলল, এখন বাসায় কোন দারোয়ান নেই, গিয়ে মেয়েটার সাথে কথা বলতে চাও? রাজু চমকে উঠে সাগরের দিকে তাকাল, তারপর বলল, সাগর ঠিকই বলেছে। এই সুযোগ!