
গোয়েন্দা ঝাকানাকা উপমহাদেশের সবচেয়ে মারকুটে আর বিখ্যাত গোয়েন্দা। চা, চানাচুর আর চুরুটের ভক্ত ঝাকানাকা তিব্বতের এক গুম্ফায় খোদ ঝালাই লামার কাছ থেকে নানারকম মারপিটের কায়দা রপ্ত করে এসে নিয়মিত রাজ্যের পাজি বিটকেলকে ঠ্যাঙান, আর তার ফাঁকে ফাঁকে নানা রহস্য ভেদ করেন। গোয়েন্দা পুলিশের দারোগা কিংকর্তব্যবিমূঢ় চৌধারি প্রায়ই নানা রহস্যের ঘায়ে ঘায়েল হয়ে ঝাকানাকার শরণাপন্ন হন, তারপর তারা দু'জন মিলে সেসব রহস্য সমাধান করেন। সে রহস্যগুলোতে অবধারিতভাবেই জড়িত থাকে উপমহাদেশের কুখ্যাততম বিটকেল দস্যু বদরু খাঁ। ছদ্মবেশ ধারণে অতি পটু বদরু এর ওর ছদ্মবেশ নিয়ে প্রায় প্রতিটি গল্পেই কোনো এক আপাতনিরীহ চরিত্র সেজে হাজির থাকে। কিন্তু প্রায় সব গল্পেই বদরু শেষ পর্যন্ত তার চিরশত্রু ঝাকানাকার হাতে পরাস্ত হয়, কিন্তু পরের গল্পে হাজির হওয়ার জন্যে একেবারে শেষ মুহূর্তে ঝাকানাকার সঙ্গে ধস্তাধস্তি মারপিট করে সটকে পড়ে। ঝাকানাকার গল্পগুলো তুচ্ছাতিতুচ্ছ সব রহস্য নিয়ে। ভীষণ সিরিয়াস খুনজখমের গা-ছমছমে পরিস্থিতি নয়, বরং নানা সমসাময়িক ঘটনাকে স্যাটায়ারের মোড়কে হাস্যরস ও রহস্যে গল্পগুলো জড়ানো।