ঝুম বৃষ্টি পড়ছে। মেয়েদের একটা ছাতা নিয়ে ফরহাদ উদ্দিন এগোচ্ছেন। তাঁর খুবই ভালো লাগছে। রাস্তায় পানি জমে আছে। ফুটপাত পর্যন্ত এখনো পানি উঠে নি। তিনি ফুটপাত দিয়ে না হেঁটে রাস্তার নোংরা পানিতে পা ফেলে ছপ ছপ শব্দ করতে করতে এগুচ্ছেন। হলুদ স্ট্রীট ল্যাম্প জ্বলছে। হলুদ আলো পানিতে নানারকম নকশা তৈরি করছে। দেখতে এতো ভালো লাগছে। ফরহাদ উদ্দিনের মনে হল আরেকটু পানি হয়ে পুরো রাস্তাটা ডুবে গেলে ভালো হত। রাস্তাটাকে মনে হতো নদী। একটা মানুষ নদীর ওপর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। কী মজার ব্যাপার।